শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

জোরারগঞ্জে আড়াই লাখ টাকার মুরগির বিষ্ঠাসহ গ্রেফতার ২

চট্টগ্রামের জোরারগঞ্জে চাঁদাবাজির উদ্দেশ্যে আটকে রাখা আড়াই লাখ টাকার বেশি মূল্যের ৬৭ হাজার ২০০ কেজি মুরগির বিষ্ঠাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় এলাকার আরাফাত হোটেলের পাশের একটি খালি জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— করেরহাট ইউনিয়নের ভালুকিয়া (মামতো ভূঁঞা বাড়ী) এলাকার জহিরুল হকের ছেলে মজল হক (৩০) এবং বরইয়া দিঘী (বদি মিস্ত্রি বাড়ী) এলাকার সেকু মিয়ার ছেলে মোঃ শাকিল (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো: মাসুদ আলম, বিপিএম-এর নির্দেশনায় এবং জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের তত্ত্বাবধানে এসআই কামরুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ঘটনাস্থল থেকে আনুমানিক ২ লাখ ৫২ হাজার টাকা মূল্যের ৬৭,২০০ কেজি মুরগির বিষ্ঠা জব্দসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, আসামীদের বিরুদ্ধে বেআইনি সমাবেশ, জোরপূর্বক পথরোধ ও ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অপরাধে দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩৮৪/৩৮৭/৩৪ ধারায় জোরারগঞ্জ থানায় একটি মামলা (মামলা নং-৩২, তারিখ: ২২/০৯/২০২৬খ্রি.) রজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে থানা পুলিশ।