শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

মীরসরাইয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহেদুল ইসলাম। এ সময় উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন সাংবাদিকরা। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন ইউএনও।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহেদুল ইসলাম।

সভায় উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন উপস্থিত সাংবাদিকরা। আলোচনায় মহাসড়কের পাশে ময়লার ভাগাড়, সড়ক দুর্ঘটনা, মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল, অবৈধ দখলদারত্ব, ফুটপাত দখল করে দোকানপাট নির্মাণ এবং প্রশাসনের সঙ্গে গণমাধ্যমকর্মীদের দূরত্ব কমিয়ে আনার বিষয়গুলো গুরুত্ব পায়।

সভায় সাংবাদিকরা এসব সমস্যা সমাধানে প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেন।

এ সময় ইউএনও মোহাম্মদ জাহেদুল ইসলাম বলেন, ‘আপনারা যেসব বিষয় তুলে ধরেছেন, আমি সব নোট নিয়েছি। এখানে বেশির ভাগ বিষয়ই এখনো আমার পুরোপুরি বুঝে ওঠা সম্ভব হয়নি। কারণ, আমার এখানে মাত্র চার কর্মদিবস চলছে।’

স্বাস্থ্যসেবার বিষয়ে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, স্বাস্থ্যকেন্দ্র ও ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো দ্রুত সরেজমিনে পরিদর্শন করবেন। পরিদর্শনের পর সেখানকার পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করবেন বলেও জানান তিনি।

ইউএনও আরও বলেন, ‘আপনারা যেসব অভিযোগ তুলে ধরেছেন, সেগুলো সরেজমিনে না দেখে এ মুহূর্তে মন্তব্য করতে পারছি না। আমি সব বিষয় নোট করেছি। যেসব ক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রয়োজন হবে, সেখানে অবশ্যই আপনাদের সহযোগিতা নেব।’

মহাসড়কের পাশে ময়লার ভাগাড়, সড়ক দুর্ঘটনা, তিন চাকার যানবাহন চলাচল, অবৈধ দখলদারত্ব ও ফুটপাতের অবৈধ দোকানপাটসহ বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

মতবিনিময় সভায় মীরসরাই উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।