জাতীয় নিরাপদ সড়ক দিবসে ফেনীতে সচেতনতামূলক র্যালি
‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ফেনীতে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে শহরের মিজান রোডে সালাম কমিউনিটি সেন্টারের সামনে র্যালির উদ্বোধন করেন পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া।
‘সেইফ রোডস বাংলাদেশ’-এর আয়োজনে এবং ‘ফেনী বাইক রাইডার্স’-এর সার্বিক সহযোগিতায় র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
র্যালি-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সামাজিক সংগঠক মো. রুবেল তারেকের সঞ্চালনায় বক্তব্য দেন সাংবাদিক আসাদুজ্জামান দারা, ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান সোহেল, জেলা জামায়াতের সহ-সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন, জেলা এনসিপির সদস্যসচিব মো. সুজা উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক পরিবারের সিনিয়র সদস্য খুরশিদ রহমান সূর্য এবং ‘ফেনী বাইক রাইডার্স’-এর অ্যাডমিন শাহাদাত হোসেন অনাবিল।
বক্তারা বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও দুর্ঘটনায় প্রাণহানি কমাতে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি চালক ও সাধারণ পথচারীদের সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।