মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের অভিযোগে বিএনপি ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার
চট্টগ্রামের মিরসরাই উপজেলার উপকূলীয় এলাকা দিয়ে মিয়ানমারে সার পাচারে জড়িত থাকার অভিযোগে বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ওচমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ওই এলাকার মৃত ফজলুল হকের ছেলে মহসিন সম্রাট (৫৭), তাঁর ছেলে আজাহার উদ্দিন মাহিন (২২) এবং ওচমানপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও ফরিদুল ইসলামের ছেলে ফারাবি হোসেন (২৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল হয়ে মিয়ানমারে সার পাচার করে আসছিল একটি অসাধু চক্র। গত ৩১ অক্টোবর মিয়ানমারে পাচারের অপেক্ষায় থাকা ৩০১ বস্তা সার জব্দ করে পুলিশ। এ সময় সার পাচারের সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের দেওয়া তথ্য এবং তাঁদের মোবাইল ফোনের কললিস্ট পর্যালোচনা করে সার পাচারের সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীর সম্পৃক্ততার তথ্য পায় জোরারগঞ্জ থানা পুলিশ।
এ ঘটনায় তদন্তের অংশ হিসেবে জোরারগঞ্জ থানা পুলিশ চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শওকত আকবর সোহাগের কার্যালয়ে অভিযান চালায়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, বাদশাহ নামে একজনকে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত যুবদল নেতা শওকত আকবর সোহাগের কার্যালয় থেকে সার পাচারসংক্রান্ত তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। তবে তদন্তে তাঁর সম্পৃক্ততা পাওয়া যায়নি। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।