ফেনীতে নিবন্ধনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ, পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা
ফেনী শহরের ট্রাংক রোডে নিবন্ধনহীন ওষুধ মজুদ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ঔষধ প্রশাসন অধিদপ্তর, ফেনীর সহযোগিতায় পরিচালিত অভিযানে ট্রাংক রোডের এম রহমান মেডিকেল স্টোর, ঢাকা ফার্মেসি, সোলেমান মেডিকেল হল, দৌলত ট্রেডিং করপোরেশন ও লিংক ফার্মেসি পরিদর্শন করা হয়।
অভিযানে প্রতিষ্ঠানগুলোতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের নিবন্ধনবিহীন ওষুধ বিক্রির উদ্দেশ্যে মজুদ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।
পরে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী লিংক ফার্মেসিকে ১০ হাজার টাকা, ঢাকা ফার্মেসিকে ২ হাজার টাকা এবং বাকি তিনটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। পাঁচটি মামলায় প্রতিষ্ঠানগুলোকে মোট ২৭ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া অভিযানে কয়েকটি ওষুধের দোকানকে ঔষধ প্রশাসন অধিদপ্তরের লাইসেন্স গ্রহণ করে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ঔষধ প্রশাসন অধিদপ্তর, ফেনী এবং আনসার-ভিডিপির সদস্যরা সহযোগিতা করেন।