দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তারের পর মিরসরাই যুবদল নেতা বহিষ্কার
চট্টগ্রামের মিরসরাইয়ে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার হওয়ার পর সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নওশেদ আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের দপ্তর সম্পাদক আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে নওশেদ আলমের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম ও সাধারণ সম্পাদক এস. এ. মুরাদ চৌধুরী এ সিদ্ধান্ত অনুমোদন ও কার্যকর করেছেন।
এতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত নওশেদ আলমের কোনো ব্যক্তিগত অপকর্মের দায়-দায়িত্ব দল বহন করবে না। পাশাপাশি যুবদলের সর্বস্তরের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মিরসরাই থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকা থেকে নওশেদ আলমকে গ্রেপ্তার করে।
এ সময় তাঁর কাছ থেকে একটি এলজি, চারটি ছোরা এবং পাঁচটি রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনার পরপরই তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে।