ফেনীতে এন্ডোমেট্রিওসিস নিয়ে চিকিৎসকদের বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
নারীদের এন্ডোমেট্রিওসিস রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে ফেনীতে চিকিৎসকদের অংশগ্রহণে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টায় ফেনী শহরের রয়েল সেলমন রেস্টুরেন্টে অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনিকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি), ফেনী শাখার উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন আয়োজকরা।
সেমিনারে এন্ডোমেট্রিওসিস রোগের লক্ষণ, দীর্ঘস্থায়ী ব্যথা ব্যবস্থাপনা, বন্ধ্যাত্বজনিত সমস্যা এবং রোগের জটিলতা প্রতিরোধে সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন ডা. মোবারক হোসেন দুলাল। এছাড়া উপস্থিত ছিলেন গাইনি সোসাইটির সভাপতি ডা. হাসিনা আক্তার স্বপ্না, ওজিএসবির সাধারণ সম্পাদক ও জয়েন্ট সেক্রেটারি ডা. জাসরিন আক্তার মিলি, আল্ট্রাসনোগ্রাফি বিশেষজ্ঞ অধ্যাপক নুর মোহাম্মদ, ডা. নুরে আকতার তাহরিমাসহ ফেনীর বিভিন্ন পর্যায়ের চিকিৎসকরা।
সেমিনারে ডা. হাসিনা আক্তার স্বপ্না ও ডা. মাহবুবা খানম এন্ডোমেট্রিওসিস রোগের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে যথাযথ চিকিৎসার মাধ্যমে দীর্ঘমেয়াদি জটিলতা ও রোগীর ভোগান্তি অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই রোগের লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
এতে প্রায় ৫৫ জন চিকিৎসক অংশগ্রহণ করেন। সেমিনারটি সঞ্চালনা করেন ডা. জাসরিন আক্তার মিলি।
এছাড়া উপস্থিত ছিলেন ডা. মো. কামরুজ্জামান জিকু, দপ্তর সম্পাদক, ড্যাব ফেনী জেলা এবং স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, স্বেচ্ছাসেবক দল।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসকদের মধ্যে এন্ডোমেট্রিওসিস বিষয়ে বৈজ্ঞানিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে রোগটির লক্ষণ, রোগ নির্ণয় ও চিকিৎসা সম্পর্কে সচেতনতা বাড়ানোই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
সেমিনারের বৈজ্ঞানিক সহযোগী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করে নুভিস্তা ফার্মা পিএলসি (Nuvista Pharma PLC)। প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের ফায়াজ রহমান এবং রিজিওনাল সেলস ম্যানেজার (রিজিওনাল হেড) মো. হাসানুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা এন্ডোমেট্রিওসিস রোগের প্রাথমিক শনাক্তকরণ, ব্যথা নিয়ন্ত্রণ, বন্ধ্যাত্বজনিত সমস্যার চিকিৎসা এবং দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনায় সমন্বিত চিকিৎসাসেবার ওপর গুরুত্ব দেন।
ওজিএসবি, ফেনী শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে বৈজ্ঞানিক সহযোগী ছিল নুভিস্তা ফার্মা পিএলসি এবং সৌজন্যে ছিল ডাইনোজেস্ট (Dinogest)।