মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

ফেনীতে ২৪ ঘণ্টায় ৯১ মিমি বৃষ্টি, বাড়ছে মুহুরীসহ তিন নদীর পানি

টানা বৃষ্টির সঙ্গে ভারতের উজান থেকে নেমে আসা পানির প্রভাবে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর পানি বাড়ছে। এতে জেলার উত্তরাঞ্চলের ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার বাসিন্দাদের মধ্যে বন্যা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।


জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ফেনীতে ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা মুজিবুর রহমান।


অন্যদিকে, ফেনী পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, দিনভর মুহুরী নদীর পানি ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত পরশুরাম পয়েন্টে নদীর পানির উচ্চতা দাঁড়িয়েছে ৯ দশমিক ০৪ মিটার। সকালে যা ছিল ৮ দশমিক ৫৪ মিটার। অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নদীর পানি ৫০ সেন্টিমিটার বেড়েছে।


ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম জানান, বৃষ্টি অব্যাহত থাকলে নদীর পানি আরও বাড়তে পারে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।


এদিকে টানা বৃষ্টি ও উজানের পানিতে নদীর পানি বাড়তে থাকায় উৎকণ্ঠায় রয়েছেন ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার নদীতীরবর্তী এলাকার মানুষ। স্থানীয়দের ভাষ্য, প্রায় প্রতি বছরই বন্যার মুখোমুখি হতে হয় তাদের। অনেক সময় গভীর রাতে হঠাৎ ঘরে বানের পানি ঢুকে পড়ে। এতে ঘরবাড়ি, ফসল ও অন্যান্য সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।


এমন পরিস্থিতিতে সম্ভাব্য বন্যা মোকাবিলায় প্রশাসনও প্রস্তুতি শুরু করেছে। মঙ্গলবার বিকেলে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় টানা বৃষ্টি এবং ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বর্ষণের কারণে মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।


সভায় সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সরকারি দপ্তর, স্থানীয় প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে প্রয়োজনীয় আগাম প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।