মা ইলিশের প্রজনন সুরক্ষায় অভিযান, ফেনী নদী থেকে জব্দ ৩ হাজার মিটার জাল
সোনাগাজী প্রতিনিধি:
মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন নির্বিঘ্ন করতে ফেনী নদী ও এর মোহনায় অভিযান চালিয়েছে সোনাগাজী উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ সময় নদী থেকে তিন হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া এবং ইলিশ সম্পদ উন্নয়নসংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্যসচিব ও উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বিজয় কুমার পাল জানান, অভিযান চলাকালে নদীতে মাছ ধরার দৃশ্য চোখে পড়েনি। তবে এ সময় তিন হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়েছে।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ফেনী নদী ও এর মোহনায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ রয়েছে। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয়, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও বিনিময়ও সম্পূর্ণ নিষিদ্ধ।
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদী ও মোহনায় নিয়মিত অভিযান পরিচালনা করছে সংশ্লিষ্ট প্রশাসন।
অভিযানে সোনাগাজী মডেল থানা-পুলিশ ও মৎস্যজীবীরা সহযোগিতা করেন।