রবিবার, ১১ অক্টোবর ২০২৬

মীরসরাইয়ে তথ্যপ্রযুক্তিভিত্তিক শিক্ষা কার্যক্রম ও মনিটরিং সিস্টেম নিয়ে মতবিনিময়

মীরসরাইয়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সহজ করতে তথ্যপ্রযুক্তিভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনা ও মনিটরিং সিস্টেম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) মীরসরাই উপজেলা অডিটোরিয়ামে শিক্ষকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার কাজ করছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে তথ্যপ্রযুক্তির আওতায় আনা গেলে ব্যবস্থাপনা ও পাঠদান আরও সহজ হবে। পাশাপাশি অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, শিক্ষকদের পাঠদানে মনোযোগী হওয়া এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত জনবল নিশ্চিত করাও জরুরি।

প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়েক্সনিক্সের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মীরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন এবং অধ্যাপক ড. মোহাম্মদ নেছারুল করিম।

সভায় ওয়েক্সনিক্সের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন তাদের তৈরি ‘এডুএক্স’ প্ল্যাটফর্মের বিভিন্ন সুবিধা তুলে ধরেন। এ প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থী ব্যবস্থাপনা, হাজিরা, ক্লাস রুটিন, পরীক্ষা ও ফলাফল, শিক্ষক-কর্মচারীদের তথ্য সংরক্ষণ এবং ফি আদায়সহ ১৪ ধরনের সেবা পরিচালনা করা সম্ভব বলে জানান তিনি।

সভায় বক্তারা তথ্যপ্রযুক্তিভিত্তিক মনিটরিং ব্যবস্থা চালুর মাধ্যমে মীরসরাইয়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা, গতিশীলতা ও শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অধ্যক্ষ, পরিচালনা কমিটির সভাপতি ও আইসিটি শিক্ষকরা উপস্থিত ছিলেন।