শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

ফেনী সরকারি কলেজ ছাত্রাবাস চালু ও উন্নয়নে অবদানের স্বীকৃতি, সাবেক অধ্যক্ষকে ক্রেস্ট প্রদান

ক্যাম্পাস প্রতিনিধি : 

ফেনী সরকারি কলেজ ছাত্রাবাসের শিক্ষার্থীদের সঙ্গে সাবেক অধ্যক্ষ অধ্যাপক এনামুল হক খোন্দকারের বিদায়ী সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

এ সময় ছাত্রাবাসের শিক্ষার্থীদের পক্ষ থেকে সাবেক অধ্যক্ষ অধ্যাপক এনামুল হক খোন্দকারকে ক্রেস্ট প্রদান করা হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর ছাত্রাবাস পুনরায় চালু, সংস্কার ও উন্নয়নে তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষার্থীরা জানান, দায়িত্ব পালনকালে অধ্যাপক এনামুল হক খোন্দকার কলেজের প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্ব দেন। পাশাপাশি কলেজের উন্নয়ন ও ছাত্রাবাসের কার্যক্রম পুনরায় চালুর ক্ষেত্রে তাঁর উদ্যোগ শিক্ষার্থীদের কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।

বিদায়ী সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কালে শিক্ষার্থীরা তাঁর দায়িত্বকালীন বিভিন্ন উদ্যোগের কথা স্মরণ করেন এবং ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান।

এ সময় শিক্ষার্থীরা বলেন, একজন দায়িত্বশীল অধ্যক্ষ হিসেবে অধ্যাপক এনামুল হক খোন্দকারের অবদান ও আন্তরিকতা ফেনী সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে ছাত্রাবাসের শিক্ষার্থীরা সাবেক অধ্যক্ষের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং তাঁর সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।