নবাবপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
রিয়াদ উদ্দিন :
‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) ৯ নম্বর নবাবপুর ইউনিয়নের আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে সোনাগাজী উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল আলম জহির।
অনুষ্ঠানে কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ শৈশব নিশ্চিত করা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সমান সুযোগ সৃষ্টি এবং বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের সমান অধিকার, নিরাপদ পরিবেশ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। একটি শিশুবান্ধব ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা জরুরি।
তারা আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং কন্যাশিশুর স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কন্যাশিশুর সম্ভাবনা বিকাশের সুযোগ তৈরি করা গেলে তারাই ভবিষ্যতে দেশ ও বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম হবে।
কন্যাশিশুর অধিকার সুরক্ষা এবং বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।