মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

ফেনী সমিতি ইউকের ৭ সদস্যের নির্বাচন কমিশন ঘোষণা

যুক্তরাজ্যে বসবাসরত ফেনীবাসীদের সংগঠন ফেনী সমিতি ইউকের নির্বাচন আয়োজনের লক্ষ্যে সাত সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন ঘোষণা করা হয়েছে। গত ২৫ অক্টোবর (রোববার) লন্ডনের কপি কর্নার রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ কমিশন ঘোষণা করা হয়।

বাংলাদেশ হাইকমিশন লন্ডনের সাবেক কর্মকর্তা কোরবান আলীকে প্রধান নির্বাচন কমিশনার এবং মোহাম্মদ গিয়াস উদ্দিনকে সদস্য সচিব করে এ কমিশন গঠন করা হয়। কমিশনের অন্য সদস্যরা হলেন মাইন উদ্দিন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কায়কোবাদ রুবেল, অধ্যাপক দেবব্রত চৌধুরী, ব্যারিস্টার সাইয়েদ শরিফ শাকিল ও সাইফুদ্দিন ভূঁইয়া।

ফেনী সমিতি ইউকের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ব্যারিস্টার নিজাম উদ্দিন রাসেল আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক ওয়ালী উল্লাহ বাচ্চু, যুগ্ম আহ্বায়ক আবু নাসের মুজাহিদ এবং আহ্বায়ক কমিটির সদস্য সালাউদ্দিন খোকন, কামাল উদ্দিন মিলন, গিয়াস উদ্দিন, নুর নবী সেলিম, নজরুল ইসলাম আজাদ, আতাউর রহমান জাহিদ ও সজিব চৌধুরী।

অনুষ্ঠানে নবগঠিত নির্বাচন কমিশনের সদস্যরা যুক্তরাজ্যে বসবাসরত ফেনীবাসীকে একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ লক্ষ্যে আগামী দুই সপ্তাহের মধ্যে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানান তাঁরা।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে ফেনী সমিতি ইউকের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে। পাশাপাশি একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সংগঠনে গণতান্ত্রিক চর্চা ও ঐক্য আরও সুদৃঢ় হবে।