শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

স্টারলাইন স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষকে ৬ দফা প্রস্তাব দিল ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবার

রক্তদাতা ও স্বেচ্ছাসেবকদের বিভিন্ন সমস্যা সমাধান এবং রোগীদের সেবার মান উন্নয়নে ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবারের উত্থাপিত ছয় দফা প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছে স্টারলাইন স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ।

শুক্রবার (৩০ অক্টোবর) হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এসব প্রস্তাব তুলে ধরে ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবার।

প্রস্তাবনায় বলা হয়, একই সময়ে তিন থেকে চারজন রোগীর রক্তের প্রয়োজন হলেও রক্তদাতা উপস্থিত না থাকায় অনেক সময় রক্ত সংগ্রহ করা সম্ভব হয় না। এ সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়।

প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে, রক্তদাতাদের জন্য পানি, খাবার বা হালকা নাশতার ব্যবস্থা করা; হাসপাতালের প্যাথলজি বিভাগের পাশে রক্তদাতা ও স্বেচ্ছাসেবকদের অপেক্ষার জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দ দেওয়া; সংগঠনটির কার্ডধারী স্বেচ্ছাসেবকদের মানবিক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ বিশেষ ছাড় বা সুযোগ-সুবিধা নিশ্চিত করা।

এ ছাড়া রক্ত সংগ্রহের দায়িত্বে নিয়োজিত নার্সদের দক্ষতা ও প্রশিক্ষণ নিশ্চিত করা এবং ক্রস-ম্যাচিং পরীক্ষার নির্ধারিত ফি পর্যালোচনা করে সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে আনার প্রস্তাব দেওয়া হয়।

ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রক্তদাতাদের নিরাপত্তা, সম্মান ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতেই এসব প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রস্তাবগুলোর সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ একমত পোষণ করায় সংশ্লিষ্টরা আশা করছেন, রক্তদাতা ও স্বেচ্ছাসেবকদের কার্যক্রম আরও গতিশীল হবে এবং রোগীরা উপকৃত হবেন।