বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ফেনী সদর হাসপাতালে পরিচ্ছন্নতায় যুবদলের ডাস্টবিন-বালতি উপহার

ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখতে ডাস্টবিন ও ময়লা ফেলার বালতি উপহার দিয়েছে ফেনী জেলা যুবদল। রোগীদের স্বাস্থ্যসেবার পরিবেশ আরও পরিচ্ছন্ন রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে এসব সামগ্রী হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

হাসপাতালের পক্ষে ডাস্টবিনসহ আনুষঙ্গিক সামগ্রী গ্রহণ করেন ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোবারক হোসেন দুলাল।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি বেলাল, পৌর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবলু, জেলা যুবদলের সদস্য বেলালসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার বলেন, হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং স্বাস্থ্যসেবার পরিবেশ উন্নত করতে তাদের এ ধরনের সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখতে সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।