অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের ২ সদস্য গ্রেফতার, সিআইডির অভিযানে
নিজস্ব প্রতিবেদক: অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে চলমান অভিযানে দুই সদস্যকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা হলেন নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকার মো. জসিম উদ্দীন (৩৩) এবং শেখহাটী ইউনিয়নের মালিয়াট এলাকার সুমন রায় (২৮)।
সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) জানায়, গত ১২ জুলাই নড়াইল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রথমে রূপগঞ্জ বাজারসংলগ্ন একটি নগদ ডিস্ট্রিবিউশন হাউস থেকে জসিম উদ্দীনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তুলারামপুর ব্রিজসংলগ্ন এলাকা থেকে সুমন রায়কে গ্রেফতার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সুমন একটি বিদেশি অনলাইন জুয়া ওয়েবসাইটের অ্যাডমিন হিসেবে কাজ করতেন।
সিআইডি জানায়, নিয়মিত সাইবার মনিটরিংয়ের সময় দেশের অভ্যন্তর ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন অনলাইন বেটিং (জুয়া) ওয়েবসাইটের কার্যক্রম শনাক্ত করা হয়। এসব ওয়েবসাইট সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাকে কেন্দ্র করে এবং অনলাইন ক্যাসিনোর মাধ্যমে অর্থের বিনিময়ে বেটিং পরিচালনা করছিল।
তদন্তে উঠে এসেছে, চক্রটি দেশের বিভিন্ন এলাকায় এজেন্ট নিয়োগ করে তাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ব্যাংক হিসাব ব্যবহার করে জুয়ার অর্থ সংগ্রহ করত। পরে কমিশন কেটে রেখে বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের মাধ্যমে সেই অর্থ বিদেশে পাচার করা হতো।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিজেদের নামে নিবন্ধিত এজেন্ট সিম ব্যবহার করে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনার কথা স্বীকার করেছেন। এছাড়া তারা অন্য ব্যক্তিদের নামে নিবন্ধিত এজেন্ট সিম সংগ্রহ করে চক্রের সদস্যদের সরবরাহ করতেন, যা অনলাইন বেটিং সাইটে অর্থ জমা ও উত্তোলনের কাজে ব্যবহৃত হতো। তদন্তে তাদের জুয়ার ওয়েবসাইট পরিচালনায় সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে।
এ ঘটনায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় পল্টন থানায় দায়ের করা মামলার তদন্ত করছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
সিআইডি জানিয়েছে, অনলাইন জুয়ার নেটওয়ার্ক, অবৈধ ই-ট্রানজেকশন, অর্থপাচার কার্যক্রম এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, একই মামলায় এর আগে টাঙ্গাইল, নরসিংদী ও নারায়ণগঞ্জে পৃথক অভিযানে চক্রটির ছয় সদস্যকে গ্রেফতার করেছিল সিআইডি।