মীরসরাই জোরারগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানাসহ গ্রেপ্তার ৯
চট্টগ্রামের জোরারগঞ্জ থানা-পুলিশের পৃথক অভিযানে মাদক, গ্রেপ্তারি পরোয়ানা ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা, ১ বোতল বিদেশি মদ এবং মাদক বিক্রির নগদ ৫ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। রোববার (৪ অক্টোবর) গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে গত দুই দিনে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানকালে ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদীঘি বাজার এলাকার একটি চায়ের দোকান থেকে ৩০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মো. করিম (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া ১ নম্বর করেরহাট ইউনিয়নের বদ্ধ গেরামারা এলাকা থেকে ১ বোতল বিদেশি মদসহ নুর হোসেন প্রকাশ মানিক (৪০) নামে অপর এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তবে দুই অভিযান চলাকালেই পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. ইসমাইল ও সিরাজুল ইসলাম টিপু নামে দুই সহযোগী পালিয়ে যায়।
পৃথক অভিযানে হিঙ্গুলী ইউনিয়ন থেকে জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি নুর আলম প্রকাশ মানিককে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় রিপন প্রকাশ মিরন (৩০), রায়হান উদ্দিন জনি (৩০), নিলয় দত্ত (২৩), মোবারক হোসেন (২৮) ও জাহিদ ইসলাম (২০)-কে গ্রেপ্তার করে থানা-পুলিশ।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং এলাকাকে মাদক মুক্ত করতে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের যথাযথ পুলিশ পাহায় আদালতে সোপর্দ করা হয়েছে এবং আত্মগোপনে থাকা অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।