বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

জোরারগঞ্জে ৫৫০পিস ইয়াবা ও ৬০লিটার চোরাই ম/দসহ গ্রে/প্তার ২

চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় তৈরি চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া নৈশকালীন নিরাপত্তার সময় সন্দেহজনক ঘোরাঘুরির অভিযোগে ফৌজদারী কার্যবিধির ১৫১ ধারায় আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম গত মঙ্গলবার ও বুধবার (২৯ ও ৩০ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে।
অভিযানের বিবরণে পুলিশ জানায়, ২৯ সেপ্টেম্বর সকাল ১১:০৫ ঘটিকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার উত্তরা বাসস্ট্যান্ডের সামনে অভিযান চালান এসআই মোঃ আব্দুল্লাহ আল মাসুদ। সেখান থেকে রাজবাড়ী জেলার পাংশা থানার তামিলি দুর্গাপুর গ্রামের মৃত মুজিবর শেখের ছেলে জিয়া শেখকে (৩৫) গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১ লাখ ৬৫ হাজার টাকা মূল্যমানের ৫৫০ পিস (৪৪ গ্রাম) ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে, ৩০ সেপ্টেম্বর ভোর ০৬:৩০ ঘটিকায় ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের মামা ফকির আস্তানা রেললাইন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মো: সেলিমকে (৫৫) গ্রেপ্তার করেন এসআই মামুন হাসান। দক্ষিণ সোনাপাহাড় এলাকার বাসিন্দা সেলিমের কাছ থেকে ৮০ হাজার টাকা মূল্যমানের ১৬০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়।
এছাড়া, উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিবারণের লক্ষ্যে ৩০ সেপ্টেম্বর রাতে বিশেষ টহল দেওয়ার সময় আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়। রাত অনুমান ০১:৩০ ঘটিকায় বারইয়ারহাট পৌরসভা রেললাইন এলাকা থেকে ফখরুল ইসলাম (৪৫) এবং রাত ০২:৪০ ঘটিকায় জোরারগঞ্জ বাজারের দক্ষিণ পাশ থেকে আবদুল্লাহ আল নোমানকে (২২) গ্রেপ্তার করেন এসআই মোঃ আবদুল আলীম।
একই রাতে ঠাকুরদীঘি বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় এএসআই মোঃ জহির হোসেনের নেতৃত্বাধীন টিম মোঃ শাকিব হোসেন (১৮), মোঃ খাঁন সাব (২১) ও মোঃ জীবনকে (২০) গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত এই ছয়জনের বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধি আইনের ১৫১ ধারা মোতাবেক আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
জোরারগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধবিরোধী অভিযানের অংশ হিসেবে আটককৃত সকল আসামিকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।