শুক্রবার, ২৯ মে ২০২৬

সোনাগাজীতে অনিয়মের দায়ে ডাকবাংলা ল্যাবকে জরিমানা

ফেনীর সোনাগাজী উপজেলার ডাকবাংলা মোড়ে অবস্থিত একটি ডায়াগনস্টিক প্রতিষ্ঠান ‘ডাকবাংলা ল্যাব’-এ অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। ফার্মেসির লাইসেন্স না থাকা, প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন না করা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে অনিয়মের সত্যতা প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুফ মিয়া এ দণ্ড প্রদান করেন।

এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং স্বাস্থ্যসেবা খাতে কোনো অনিয়ম সহ্য করা হবে না।