সিপিপির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক পুরস্কার পেলেন সোনাগাজীর শেখ আবদুল হান্নান
রিয়াদ উদ্দিন :
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) উপকূলীয় এলাকার দুর্যোগ মোকাবিলায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক পুরস্কার পেয়েছেন ফেনীর সোনাগাজী উপজেলার শেখ আবদুল হান্নান। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং সিপিপির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি তাঁর হাতে পুরস্কার তুলে দেন।
‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন এমপি, মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুন্সী রফিকুল আলম মজনু এমপি এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজয়ানুর রহমান।
উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন ও সম্পদ রক্ষায় মাঠপর্যায়ে সাহসিকতা, নিষ্ঠা ও একনিষ্ঠভাবে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে শেখ আবদুল হান্নানকে এ বছরের শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নির্বাচিত করা হয়। প্রতি বছর ১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ ব্যবস্থাপনায় বিশেষ অবদানের জন্য দেশজুড়ে স্বেচ্ছাসেবকদের এ সম্মাননা দেওয়া হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং সিপিপির যৌথ উদ্যোগে আয়োজিত এবারের অনুষ্ঠানে দেশের ৪২টি উপকূলীয় উপজেলার মোট ৮৪ জন শ্রেষ্ঠ নারী ও পুরুষ স্বেচ্ছাসেবককে জাতীয় সম্মাননায় ভূষিত করা হয়েছে।
পুরস্কার পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শেখ আবদুল হান্নান বলেন, “এই স্বীকৃতি আমার দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিল। ঝড়ের রাতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারা এবং তাঁদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার চেয়ে বড় আনন্দের আর কিছু হতে পারে না। আমি আজীবন উপকূলের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।”
অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপকূলীয় এলাকায় দুর্যোগের আগাম বার্তা পৌঁছে দেওয়া এবং উদ্ধার কার্যক্রমে সিপিপির স্বেচ্ছাসেবকদের নিঃস্বার্থ অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ আজ বৈশ্বিক দুর্যোগ মোকাবিলায় রোল মডেল, আর এর মূল কারিগর মাঠপর্যায়ের নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবকেরা।
অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিপিপির পদস্থ কর্মকর্তা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।