সোনাগাজীতে মাদক কারবারিদের হামলায় আহত দিনমজুরের মৃত্যু, গ্রেপ্তার ১
ফেনীর সোনাগাজীতে মাদক কারবারিদের হামলায় গুরুতর আহত দিনমজুর মোহাম্মদ হানিফ (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় রিয়াদ (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
নিহত হানিফ সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের চরচান্দিয়া গ্রামের আবদুল আহাদের ছেলে।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মেয়ের বিয়ের খরচের জন্য হানিফ ২০ হাজার টাকা ঘরের আলমারিতে রেখেছিলেন। অভিযোগ রয়েছে, তাঁর ছেলে মেহেরাজ স্থানীয় কয়েকজন মাদক কারবারির সঙ্গে মিলে ওই টাকা চুরি করে খরচ করে ফেলেন। এ ঘটনায় ছেলেকে শাসন করার পাশাপাশি স্থানীয় মাদক কারবারিদের সঙ্গে মেলামেশা করতে নিষেধ করেন হানিফ। এতে তাঁরা ক্ষুব্ধ হন বলে অভিযোগ রয়েছে।
গত ৯ অক্টোবর শুক্রবার জুমার নামাজ শেষে দুপুর ২টার দিকে বাড়ি ফেরার পথে হানিফের ওপর হামলা হয়। অভিযোগ অনুযায়ী, পূর্ব থেকে ওত পেতে থাকা বেলায়েত হোসেন মামুন, তাঁর সহযোগী মো. শুভ ও রিয়াদসহ ৪-৫ জন দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।