জোরারগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান, ৬ মাদকসেবীর কারাদণ্ড
চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ছয়জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের এক থেকে ছয় দিন পর্যন্ত বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিট থেকে জোরারগঞ্জ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশনায় জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিমের নেতৃত্বে নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানে মীরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীরুল কাদের উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাদক সেবনের অপরাধে হাতেনাতে আটক ছয়জনকে এক দিন থেকে ছয় দিন পর্যন্ত বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।