সোনাগাজীতে পূজা মন্ডপ পরিদর্শনে ইউএনও, আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে ফেনীর সোনাগাজী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারজান হোসাইন।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা, আলোকসজ্জা, সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা এবং দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচলের পরিবেশ পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
ইউএনও মারজান হোসাইন বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবার অংশগ্রহণে শারদীয় দুর্গোৎসব উদ্যাপনে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সমন্বয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
উৎসব চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আনসার সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতা বজায় রাখার নির্দেশনা দেন তিনি। পাশাপাশি পূজামণ্ডপে আগত দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে প্রতিমা দর্শন ও উৎসবে অংশ নিতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এ ছাড়া পূজামণ্ডপে দায়িত্ব পালনরত স্বেচ্ছাসেবকদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
পরিদর্শনকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।