বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সোনাগাজী ও দাগনভূঞার ৪২ পূজা মণ্ডপে পরিবেশ মন্ত্রীর অনুদান হস্তান্তর

রিয়াদ উদ্দিন, সোনাগাজী:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনীর সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার ৪২টি পূজা মণ্ডপে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সোনাগাজী পৌর অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই অনুদানের চেক হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোনাগাজী উপজেলার ২৩টি এবং দাগনভূঞা উপজেলার ১৯টিসহ মোট ৪২টি পূজা মণ্ডপকে ১৫ হাজার টাকা করে মোট ছয় লাখ ৩০ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার এই মণ্ডপগুলোর আয়োজকদের হাতে চেকগুলো তুলে দেওয়া হয়।
উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঁইয়ার সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশীদ আলম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর পুত্র,মাল্টিমোড গ্রুপের পরিচালক তাজওয়ার আউয়াল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাগাজী পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার এবং বগাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিব উল্যাহ পারভেজ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব রাসেল হামিদী ও যুবদল নেতা এনামুল হক এনামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।