সোনাগাজীতে পুলিশের অভিযানে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়া ২৭ জন
ফেনীর সোনাগাজীতে কিশোর অপরাধ দমনে অভিযান পরিচালনা করে ৩১ কিশোরকে আটক করেছে পুলিশ। পরে যাচাই-বাছাই শেষে ২৭ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত সোনাগাজী পৌর শহর, কলেজ রোড, হাওয়াই রোড, তাকিয়া রোডসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম জানান, কিশোর অপরাধের সঙ্গে জড়িত থাকার সন্দেহে বিভিন্ন স্থানে অবস্থানরত কিশোরদের জিজ্ঞাসাবাদের জন্য ৩১ জনকে আটক করা হয়। তাদের পরিচয় ও অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে। এ পর্যন্ত ২৭ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
ওসি বলেন, কিশোর অপরাধ দমনে উপজেলাজুড়ে ধারাবাহিকভাবে অভিযান ও নজরদারি চালানো হবে। এ বিষয়ে কারও তদবির বা সুপারিশ গ্রহণ করা হবে না বলেও জানান তিনি।
এদিকে, অভিযানে আটকের ঘটনা নিয়ে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। সোনাগাজী উপজেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ আলম ভূঞা পুলিশের অভিযানকে কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সংগঠনের নেতাকর্মীদেরও সন্ধ্যার পর অপ্রয়োজনে বাইরে আড্ডা না দেওয়ার বিষয়ে নির্দেশনা রয়েছে।
অন্যদিকে, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব সোহাগ নূর দাবি করেন, কলেজ রোডে কয়েকজনকর্মী পরদিনের একটি স্বাগত মিছিলের প্রস্তুতি নিতে জড়ো হয়েছিলেন। তার দাবি, ওই স্থান থেকে পুলিশ তাদের আটক করেছে। তবে অন্যস্থানগুলো থেকে আটক ব্যক্তিদের বিষয়ে তার কাছে বিস্তারিত তথ্য নেই বলে জানান তিনি।
পুলিশের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, কিশোর অপরাধ দমনে নিয়মিত আড্ডাস্থল হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে অভিযান চালানো হয়েছে।
স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।