জোরারগঞ্জে হামলা ও টাকা ছিনতাইয়ের মামলায় ছাত্রলীগ নেতা নুরুল আলম গ্রেপ্তার, আদালতে সোপর্দ
চট্টগ্রামের জোরারগঞ্জ থানা এলাকায় সশস্ত্র হামলা, মারধর ও নগদ টাকা ছিনতাইয়ের একটি মামলায় করেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত নুরুল আলম ১নং করেরহাট ইউনিয়নের শুকর্যা এলাকার মৃত মোছাফ্ফরের ছেলে।
চট্টগ্রামের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (আমলী আদালত নং-০৯) আসামীকে সোপর্দ করে তাকে কারাগারে আটক রাখার জন্য পুলিশ প্রতিবেদন দাখিল করেছে।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৬ জুলাই রাতে জোরারগঞ্জ থানাধীন হিঙ্গুলী বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম পুরাতন ট্রাঙ্ক রোডে ভুক্তভোগীর ওপর রামদা, চাইনিজ কুড়াল ও লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। ওই হামলায় ভুক্তভোগী গুরুতর জখম হন এবং তার কাছে থাকা মোটরসাইকেল কেনার নগদ ২ লাখ ৫০ হাজার টাকা ও ৮ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
পরবর্তীতে স্থানীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
এ ঘটনায় জোরারগঞ্জ থানায় পেনাল কোডের ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬/১১৪ ধারায় একটি মামলা (মামলা নং-০৫, তারিখ-০৭/১০/২০২৪) রজু করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা জোরারগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর মফিজুর রহমান জানান, ঘটনার প্রাথমিক তদন্তে ১ নম্বর আসামী নুরুল আলমের প্রত্যক্ষ সম্পৃক্ততার প্রমাণ মেলে। এর ভিত্তিতে গত ১ অক্টোবর রাত আনুমানিক ১০:৩০ মিনিটে ফেনী জেলা জেলখানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার সুষ্ঠু তদন্ত বজায় রাখা এবং অন্যান্য আসামীদের গ্রেপ্তারের স্বার্থে আসামীকে বিচার বিভাগীয় হেফাজতে আটক রাখার আবেদন জানানো হয়েছে।