আবাসন খাতে বিশেষ অবদান, বিশ্ব বসতি দিবসে সম্মাননা পেল ইনটেক প্রোপার্টিজ
সোনাগাজী থেকে রিয়াদ উদ্দিন:
পরিকল্পিত নগরায়ণ ও আধুনিক, মানসম্মত আবাসন ব্যবস্থা গড়ে তোলায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা স্মারক ও সনদ পেয়েছে ইনটেক প্রোপার্টিজ লিমিটেড।
‘বিশ্ব বসতি দিবস’ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল ইসলামের হাতে এ সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর, এমপি।
আয়োজক সূত্রে জানা যায়, দেশের আবাসন খাতে পরিকল্পিত উন্নয়ন, আধুনিক নগরায়ণ এবং গুণগত মানসম্পন্ন আবাসন নিশ্চিত করার ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তাদের অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।
ইনটেক প্রোপার্টিজ লিমিটেড দীর্ঘদিন ধরে আবাসন খাতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। পরিকল্পিত আবাসন গড়ে তোলা, আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং গ্রাহকদের জন্য মানসম্মত আবাসন সেবা দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির উদ্যোগ ও কার্যক্রমের স্বীকৃতি হিসেবে এবারের সম্মাননা বিশেষ তাৎপর্য বহন করছে।
সম্মাননা গ্রহণকালে এম ফখরুল ইসলাম বলেন, এ অর্জন শুধু প্রতিষ্ঠানের জন্য সম্মানের নয়, বরং ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে আবাসন খাতে কাজ করার অনুপ্রেরণা। গ্রাহকদের আস্থা ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিকল্পিত ও মানসম্মত আবাসন নিশ্চিত করতে ইনটেক প্রোপার্টিজ লিমিটেডের কার্যক্রম অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ক্রমবর্ধমান নগরায়ণের প্রেক্ষাপটে নিরাপদ, পরিকল্পিত ও টেকসই আবাসন নিশ্চিত করতে বেসরকারি আবাসন প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এ ক্ষেত্রে ইনটেক প্রোপার্টিজ লিমিটেডের এ স্বীকৃতি আবাসন খাতে তাদের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।