রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ফেনীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবককে কুপিয়ে জখম, থানায় অভিযোগ

ফেনী সদর উপজেলার বারাহিপুর সালাউদ্দিন মোড়ে কিশোর গ্যাংয়ের হামলায় এক যুবককে কুপিয়ে জখম ও ১৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা নুর মোহাম্মদ ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভুক্তভোগী যুবক ফেনীর একটি ডায়াবেটিস হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে বারাহিপুর সালাউদ্দিন মোড়ে সিএনজিচালিত অটোরিকশার জন্য অপেক্ষা করার সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় তাঁকে মারধর ও কুপিয়ে জখম করা হয়। হামলাকারীরা তাঁর সঙ্গে থাকা ১৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় এবং মামলা করলে প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগ করেছেন তাঁর বাবা।
পরে স্থানীয় লোকজন আহত যুবককে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করে ফেনী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।