ফেনীতে কাভার্ডভ্যানের ধাক্কায় এনজিও কর্মকর্তা নিহত, আহত ১
ফেনী-লালপোল সড়কে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের ধাক্কায় এনজিও সংস্থা ব্যুরো বাংলাদেশ-এর আব্দুর রউফ (৩৪) নামের এক শাখা ব্যবস্থাপক (ব্রাঞ্চ ম্যানেজার) নিহত হয়েছেন। এই ঘটনায় আখতারুজ্জামান (৩৫) নামের সংস্থাটির অপর এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
নিহত আব্দুর রউফ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কুমারকান্দি গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিনি ব্যুরো বাংলাদেশ-এর শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে আহত আখতারুজ্জামান রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশা এলাকার মুসলিম ব্লকের শাহীদুল ইসলামের ছেলে। তিনি সংস্থাটির ওই শাখার হিসাবরক্ষক (ব্রাঞ্চ একাউন্ট্যান্ট)।
সংস্থাটির হাজীরবাজার শাখার হিসাবরক্ষক মোঃ সবুজ জানান, ফেনী শহর থেকে মোটরসাইকেলযোগে লালপোল যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের সজোরে ধাক্কা দেয়। এতে দুজনেই রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পথেই আব্দুর রউফের মৃত্যু হয় বলে জানান ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রুহুল মোহসেন সুজন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর গুরুতর আহত আখতারুজ্জামানকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।