ফেনীতে ডাবের গাড়ির সুইচে হাত, বাবার চোখের সামনেই প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের
ফেনীর বালিগাঁওয়ে বাবার দোকানের সামনে দুষ্টুমি করতে গিয়ে ডাবের গাড়ির সুইচে হাত দেওয়ার পর দুর্ঘটনায় শাহেদ নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মাত্র এক মিনিটের ব্যবধানে বাবার চোখের সামনেই প্রাণ হারায় শিশুটি।
নিহত শাহেদ ফকিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। সে বালিগাঁওয়ের নুর করিম হাফেজ বাড়ির মেকানিক ইসমাইলের ছোট ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার সকালে বালিগাঁও এলাকায় শাহেদের বাবার দোকানের সামনে একটি ডাবের গাড়ি চালু অবস্থায় রাখা ছিল। এ সময় শাহেদ সেখানে যায়। একপর্যায়ে দুষ্টুমি করে গাড়িটির সুইচে হাত দিলে সেটি আচমকা তার শরীরের ওপর উঠে পড়ে। এতে গুরুতর আহত হয় শিশুটি।
ঘটনার সময় শাহেদের বাবা কাছেই ছিলেন। তাঁর চোখের সামনেই আকস্মিক এ দুর্ঘটনা ঘটে। দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
শাহেদের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্কুলের সহপাঠী ও শিক্ষকসহ স্থানীয়রাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
স্থানীয়দের ভাষ্য, সামান্য অসতর্কতাই শিশুটির প্রাণ কেড়ে নিয়েছে। চলন্ত বা চালু অবস্থায় এ ধরনের যন্ত্রপাতি শিশুদের নাগালের বাইরে রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তারা।