বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

ফেনীতে হলুদ-মরিচ গুঁড়া করার মেশিনে জড়িয়ে মিল মালিকের মর্মান্তিক মৃত্যু

ফেনী শহরের মুক্তবাজার এলাকায় হলুদ-মরিচ গুঁড়া করার মেশিনে জড়িয়ে নুরুল ইসলাম নামে এক মিল মালিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় দিকে এ দুর্ঘটনা ঘটে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ফেনী শহরের মুক্তবাজার জুলাই চত্বরের পেছনের নিজস্ব শাহজালাল ক্র্যাশিং মিলে কাজ করছিলেন নুরুল ইসলাম। সেখানে হলুদ-মরিচ গুঁড়া করার সময় অসাবধানতাবশত তার পরনের লুঙ্গি চলন্ত মেশিনের বেল্টের সাথে পেঁচিয়ে যায়। মুহূর্তে তিনি বেল্ট ও মেশিনের সাথে আটকে পড়ে মারাত্মকভাবে জখম হন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।

​ঘটনার পরপরই আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে ফেনী মডেল থানায় খবর দেন। খবর পেয়ে থানার উপপরিদর্শক আবদুর রহমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেন ও সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার মূল কারণ ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।