মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ফেনীতে জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ ইউএনওর স্বীকৃতি পেলেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মারজান হোসাইন

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার’ হিসেবে সম্মাননা সনদ পেয়েছেন ফেনীর সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারজান হোসাইন।

জুলাই-সেপ্টেম্বর ২০২৬ ত্রৈমাসিকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের অগ্রগতি, সেবার গুণগত মান উন্নয়ন এবং সার্বিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়।

রোববার (১৮ অক্টোবর) ফেনী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জন্ম ও মৃত্যু নিবন্ধনবিষয়ক জেলা টাস্কফোর্স কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সম্মাননা সনদ তুলে দেন।

অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নুরুদ্দীন মোহাম্মদ শিবলী নোমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অগ্রগতি অর্জন এবং সেবার মান উন্নয়নে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে জেলা প্রশাসন, ফেনীর পক্ষ থেকে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।