মঙ্গলবার, ১২ মে ২০২৬

ফেনীতে মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত হয়েছে। 

মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে মহাসড়কের লেমুয়া হাফেজিয়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটেছে। একই ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


নিহতরা হচ্ছেন সোনাগাজী উপজেলার বক্তার মুন্সি বাজার সংলগ্ন রাজাপুর গ্রামের মোঃ নুরুল হুদার ছেলে নুরুল আলম (৪৬)৷ তিনি ফেনীর ডায়াবেটিক হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ছিলেন। অপর নিহত তার ছেলে নুর হাসনাত নিরব (২৫)৷ 


এছাড়াও ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের সিরাজ মিয়ার ছেলে আফজাল হোসেন (৩৫) গুরুতর আহত হন৷ 


নিহত নুরুল ছেলে ও ভাগিনাকে নিয়ে সোনাগাজীর ভাঙ্গার তাকিয়া এলাকার বোনের বাড়ি থেকে ফিরছিলেন৷ 


পুলিশ ও প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, সোমবার দিবাগত রাতে ফেনীর ডায়াবেটিক হাসপাতালের  এম্বুলেন্স চালকের দায়িত্ব পালন করেন নুরুল আলম। সকালে ভাগিনা আফজালের মোটর সাইকেলে নিজ ছেলে নিরবসহ লেমুয়ায় বোনের বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন। 


এসময় তাদের মোটরসাইকেলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া হাফেজিয়া এলাকায় পৌঁছলে রাস্তায় ইউটার্ণ নেয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দাউদকান্দি এক্সপ্রেস বাসের সাথে ধাক্কা লাগে। এতে তারা তিনজনই পিষ্ট হয়।


 তাৎক্ষণিক আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এম্বুলেন্স চালক নুরুল আলম কে মৃত ঘোষণা করে। বাকী আহত নিরব ও আফজালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে নীরবেরে মৃত্যু হয়। 


ফেনী ডায়াবেটিক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা সোহেল রানা বলেন, রাতে এম্বুলেন্সে ডিউটি শেষে নুরুল আলম মোটরসাইকেল করে লেমুয়ায় তার বোনের বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। এতে নুরুল আলম ও তার ছেলে নীরব এর মৃত্যু হয়।


মহিপাল হাইওয়ে থানার ওসি আসাদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় প্রথমে একজন ও পরে আরো একজনের মৃত্যু হয়েছে বলে জেনেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে।