রবিবার, ২২ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ থেকে পুনর্বাসিত হয়ে বিএনপির টিকিট চান মির্জানগরের আজাদ

২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রচারণার অভিযোগ; দলীয় মনোনয়ন প্রত্যাশা ঘিরে বিএনপির স্থানীয় নেতাদের অসন্তোষ

ফেনীর পরশুরাম উপজেলার ১ নম্বর মির্জানগর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন আবুল কালাম আজাদ। আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ততা এবং পরবর্তী সময়ে বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে তার রাজনৈতিক অবস্থান নিয়ে স্থানীয় দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে।

আবুল কালাম আজাদ মির্জানগর ইউনিয়নের বিএম সাহেবনগর গ্রামের বাসিন্দা। তার বাবা সালেহ আহমদ। পেশাগতভাবে তিনি চট্টগ্রামে সিএন্ডএফ (কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) ব্যবসার সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি পরশুরাম উপজেলা বিএনপির সদস্য বলে জানা গেছে।

স্থানীয় রাজনৈতিক সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে দলটির রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন আজাদ। ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপিতে যোগ দিয়ে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার চেষ্টা করেন তিনি। এরই মধ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

তার রাজনৈতিক অতীত এবং বিএনপিতে যোগদানের প্রক্রিয়া নিয়ে স্থানীয় নেতাকর্মীদের একাংশের মধ্যে প্রশ্ন রয়েছে। বিশেষ করে অতীতে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় ভূমিকা রাখা ব্যক্তির বিএনপির মনোনয়ন প্রত্যাশা নিয়ে দলটির স্থানীয় পর্যায়ে অসন্তোষ তৈরি হয়েছে।

এ বিষয়ে পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক বলেন, আওয়ামী লীগের সঙ্গে আবুল কালাম আজাদের সম্পৃক্ততা রয়েছে। ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে তাকে প্রকাশ্যে প্রচারণা করতে দেখা গেছে। তবে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মন্তব্য করেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির আরেক নেতা অভিযোগ করেন, ৫ আগস্টের পর বিএনপি নেতাদের আশ্রয়ে দলে প্রবেশ করে এখন দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে প্রচারণা চালাচ্ছেন আজাদ। তার মনোনয়ন প্রায় নিশ্চিত—এমন কথাও বিভিন্ন মহলে বলা হচ্ছে বলে দাবি করেন ওই নেতা।

মির্জানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ আহমেদ খন্দকার বলেন, “বিগত সময়ে তাকে দলীয় কোনো কার্যক্রমে দেখা যায়নি। আমরা হামলা-মামলার শিকার হলেও তিনি চট্টগ্রামে ব্যবসা করেছেন। আওয়ামী লীগের সময় নির্বাচনে নেতাদের সাহায্য-সহযোগিতা করেছেন। ২০২৪ সালের পটপরিবর্তনের পর তিনি খোলস পাল্টে বিএনপিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। এদেরকে দল থেকে চিহ্নিত করা উচিত।”

আবুল কালাম আজাদের রাজনৈতিক অতীত, বিএনপিতে যোগদান এবং চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশার বিষয়ে তার বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রশ্ন শোনার আগেই কল কেটে দেন। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

আসন্ন মির্জানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থী ও দলীয় মনোনয়ন নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। আওয়ামী লীগের সঙ্গে অতীত সম্পৃক্ততা এবং বিএনপিতে যোগদানের পর চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ—এই দুই বিষয়কে কেন্দ্র করে আবুল কালাম আজাদকে ঘিরে স্থানীয় বিএনপিতে মতবিরোধ দেখা দিয়েছে।