রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

আইইবি নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত ফেনীর প্রকৌশলী সাইফুর রহমান

২০২৭–২০২৮ মেয়াদে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের মেম্বার হিসেবে দায়িত্ব পালন করবেন

ফেনীর কৃতী সন্তান প্রকৌশলী মো. সাইফুর রহমান বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি)-এর ২০২৬ সালের নির্বাচনে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের মেম্বার পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। সারা দেশের নিবন্ধিত সিভিল প্রকৌশলীদের ভোটে নির্বাচিত হয়ে তিনি আগামী ২০২৭–২০২৮ মেয়াদে এ দায়িত্ব পালন করবেন।

প্রকৌশলী মো. সাইফুর রহমান ২০১২ সালে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (AUST) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP) থেকে এনভায়রনমেন্ট বিষয়ে এমএসসি ডিগ্রি লাভ করেন।

তিনি ফেনী জেলার সুন্দরপুর চান্দলা গ্রামের সন্তান। কর্মজীবনে তিনি জাতিসংঘের বিভিন্ন উন্নয়ন ও মানবিক কার্যক্রমে প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া স্বনামধন্য রিয়েল এস্টেট প্রতিষ্ঠান Shanta Holdings-এ সিনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি একটি বহুজাতিক প্রতিষ্ঠানে একই পদে কর্মরত রয়েছেন।

পেশাগত দায়িত্বের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রয়েছে তাঁর। তিনি HDFB Foundation-এর প্রতিষ্ঠাতা সভাপতি। ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় তাঁর নেতৃত্বে সংগঠনটির উদ্যোগে প্রায় ৩০ লাখ টাকার মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে দুর্গত মানুষের কাছে ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

২০১২ সালে প্রকৌশল বিষয়ে স্নাতক সম্পন্ন করার পর থেকেই প্রকৌশলীদের পেশাগত উন্নয়ন, অধিকার ও কল্যাণে কাজ করে আসছেন সাইফুর রহমান। তাঁর এ নির্বাচনী বিজয়কে প্রকৌশলী সমাজের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা ও আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

তাঁরা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি প্রকৌশলীদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং তরুণ প্রকৌশলীদের সম্ভাবনা বিকাশে কার্যকর ভূমিকা রাখবেন।

এদিকে, তাঁর এ অর্জনে ফেনীর সহকর্মী, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। তাঁরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।