মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণের দাবিতে নদীকূলবাসীর মানববন্ধন
মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণ এবং ‘জিও টিউব’ ব্যবহার করে নদীভাঙন রোধের দাবিতে সোনাগাজীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার চরদরবেশ ইউনিয়নের মালের মাস্টার বাড়ির দক্ষিণ-পূর্ব পাশে নদীকূলবর্তী ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নদীকূলবর্তী ক্ষতিগ্রস্ত এলাকাবাসী বলেন, দীর্ঘদিন ধরে নদীভাঙনের কারণে স্থানীয় বাসিন্দারা ক্ষতির মুখে পড়ছেন। নদীভাঙন অব্যাহত থাকলে বসতবাড়ি, ফসলি জমিসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকির মধ্যে পড়বে।
এ সময় বক্তারা দ্রুত মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণ এবং নদীভাঙন রোধে কার্যকর ও টেকসই ব্যবস্থা হিসেবে ‘জিও টিউব’ স্থাপনের দাবি জানান।
তারা বলেন, নদীভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।