বাবাকে নিয়ে বাড়ি ফেরার পথে পিকআপের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের
চট্টগ্রামের মীরসরাইয়ে বাবাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় মাছবাহী পিকআপের ধাক্কায় দেবরাজ বণিক নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এতে দেবরাজের বাবা আশিষ বণিক আহত হয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার জোরারগঞ্জের চৌধুরীহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেবরাজ বণিক উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর বণিকপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ফেনী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্বজনরা জানান, বুধবার রাতে বারইয়ারহাট পৌরবাজারের দোকান বন্ধ করে বাবা আশিষ বণিককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন দেবরাজ। ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের চৌধুরীহাট এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি মাছবাহী পিকআপ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে বাবা-ছেলে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দেবরাজ বণিককে মৃত ঘোষণা করেন। আহত বাবা আশিষ বণিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তন্ময় জামশেদ বলেন, রাতে সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে দেবরাজ বণিককে মৃত ঘোষণা করা হয়। তার বাবাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই পুলিশের একটি দল হাসপাতালে যায়। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।