সোনাগাজীতে মা ইলিশ রক্ষায় অভিযান, অবৈধ বেহুন্দি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস
ফেনীর সোনাগাজীতে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার মিটার অবৈধ বেহুন্দি ও চরঘেরা জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।
শনিবার (১৭ অক্টোবর) সকালে ফেনী নদী ও এর মোহনায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা ও ইলিশ সম্পদ উন্নয়নসংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব তাছলিমা আকতারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বিজয় কুমার পাল অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে নদী থেকে প্রায় ৫ হাজার মিটার অবৈধ বেহুন্দি ও চরঘেরা জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ফেনী নদী ও এর মোহনায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ রয়েছে। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় বন্ধে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান অব্যাহত রয়েছে।