ফেসবুকে হঠাৎ ভাইরাল ‘রাগ করলা’ ডায়লগ, আসলে ঘটনা কী?
সামাজিক যোগাযোগমাধ্যমে এখন নতুন ট্রেন্ড ‘রাগ করলা?’ ডায়লগ। ফেসবুকের পোস্ট, মন্তব্যের ঘর, মিম পেজ—প্রায় সব জায়গাতেই এই সংলাপের ব্যবহার দেখা যাচ্ছে। হাস্যরস, ব্যঙ্গ কিংবা খোঁচা দেয়ার জন্য অনেকেই ব্যবহার করছেন এই সংলাপ।
রোববার (১৭ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এই সংলাপের প্রচলন শুরু হয়।
মূলত ওইদিন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, রাস্তার পাশে এক ‘গণক’ একজন যুবকের ভাগ্য গণনা করছেন। আর প্রায় প্রতিটি বাক্যের শেষেই তিনি যুবকের কাছে জানতে চাইছেন, ‘রাগ করলা?’।
মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। বিশেষ করে গণকের কথা বলার ধরন, আত্মবিশ্বাসী ভঙ্গি সব কিছু নেটিজেনদের নজর কাড়ে। এরপর থেকেই সংলাপটি মিম, ট্রল ও ব্যঙ্গাত্মক কনটেন্টে ব্যবহার শুরু হয়।
এদিকে ভাইরাল রাগ করলা সংলাপের ওই ‘গণকের’ পরিচয় মিলেছে। জানা গেছে, ওই ব্যক্তির নাম ইমান আলি। তিনি গণক নন বরং অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত। ফেসবুকে তার পেজে গিয়ে দেখা যায়, আরও বেশ কিছু অভিনয়ের ভিডিও আছে তার। বর্তমানে তিনি গাজীপুর বসবাস করছেন।