সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি, অপারেশনের জন্য ভর্তি হাসপাতালে

ভালোবাসা দিবসের আবেশ তখনও কাটেনি। ঠিক সেই সময়েই ব্যস্ততম অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে ঘিরে এলো দুঃসংবাদ। ভ্যালেন্টাইন ডে-র দিনটি তিনি কাটিয়েছেন হাসপাতালের শয্যায় —এ তথ্য নিজেই জানিয়েছেন সামাজিক মাধ্যমে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে অসুস্থতার কথা জানান তিনি। যদিও রোগ সম্পর্কে বিস্তারিত বলেননি, তবে ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় বসে আছেন, মুখ ও মাথা ফুলের তোড়া দিয়ে আচ্ছাদিত। ক্যাপশনে লিখেছেন, পরিবারের কাছ থেকে পাওয়া ভালোবাসা দিবসের ফুল তাকে ছুঁয়ে গেছে। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। একই সঙ্গে জানান, পরদিন তার মাথায় অস্ত্রোপচার নির্ধারিত রয়েছে।

পরে বিষয়টি নিশ্চিত করেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। তিনি জানান, অভিনেত্রীর মাথায় টিউমার ধরা পড়েছে এবং সে কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ (১৫ ফেব্রুয়ারি) তার অস্ত্রোপচার হওয়ার কথা। জানা গেছে, রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের অপারেশন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ভক্ত-সহকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।