বুধবার, ১২ আগস্ট ২০২৬

কুমিল্লা বোর্ডে পাসের হারে শীর্ষে ফেনী

এসএসসি ও সমমানের পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ছয় জেলার মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে ফেনী জেলা। এ জেলায় এবার পাসের হার ৭২ দশমিক ৬২ শতাংশ।

 

কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ফেনীর পরেই রয়েছে ব্রাহ্মণবাড়িয়া। জেলাটিতে পাসের হার ৭১ দশমিক ৫০ শতাংশ। আর বোর্ডের সামগ্রিক পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ।

 

পরিসংখ্যান অনুযায়ী, কুমিল্লা বোর্ডের অধীন জেলাগুলোর মধ্যে পাসের হারে সবচেয়ে পিছিয়ে রয়েছে নোয়াখালী। এ জেলায় পাসের হার ৫৯ দশমিক ৯৮ শতাংশ। লক্ষ্মীপুরে ৬৩ দশমিক ৯১ শতাংশ, চাঁদপুরে ৬৩ দশমিক ৬৩ শতাংশ এবং কুমিল্লায় ৬৪ দশমিক ৭৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

 

জেলা ভিত্তিক ফলাফলে দেখা যায়, ফেনী জেলায় মোট ১৪ হাজার ৯০০ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১০ হাজার ৮২১ জন। পাসের হার ৭২ দশমিক ৬২ শতাংশ।

 

অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ হাজার ৭৪৫ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৪ হাজার ১১৭ জন। সেখানে পাসের হার ৭১ দশমিক ৫০ শতাংশ।

কুমিল্লা শিক্ষা বোর্ডের ছয় জেলায় মোট ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯৫ হাজার ৩৯৯ জন। বোর্ডে মোট পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ।

 

ফলাফলের হিসেবে কুমিল্লা বোর্ডের ছয় জেলার মধ্যে ফেনীর পাসের হার বোর্ডের গড়ের চেয়ে ৭ দশমিক ২০ শতাংশীয় পয়েন্ট বেশি।