ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জে ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের
ফেনীর ছাগলনাইয়ায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে ইউনিক পরিবহনের একটি বাস ধাক্কা দেওয়ার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে পুরাতন মুহুরীগঞ্জ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ফালিলপুর হাইওয়ে থানা পুলিশ জানায়, দুর্ঘটনাস্থলে একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিল। সেটি সরানোর জন্য একটি লং ভেহিকেলের সহায়তা নেওয়া হচ্ছিল। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ইউনিক বাস দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের চালক ও হেলপার এবং বাসের চালক গুরুতর আহত হন।
খবর পেয়ে ফালিলপুর হাইওয়ে থানার মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাভার্ডভ্যানের চালক, হেলপার ও ইউনিক বাসের চালককে মৃত ঘোষণা করেন। আহত অন্য ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ আরও জানায়, দুর্ঘটনায় জড়িত তিনটি যানবাহন একটি কাভার্ডভ্যান, একটি ইউনিক বাস ও একটি লং ভেহিকেল হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ সাব-ইন্সপেক্টর মো. আবু নোমান কালবেলাকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলে নষ্ট হওয়ায় কাভার্ডভ্যানের স্টাফ গাড়িটি সরানোর জন্য নিচে নামেন। সে একটি লং ভেহিকলের সঙ্গে রশি দিয়ে বেঁধে গাড়িটি সরানোর চেষ্টাকালে পেছনের দিক থেকে ইউনিক বাস এসে কাভার্ডভ্যানে ধাক্কা দেয়। তখন কাভার্ডভ্যানের স্টাফ সামনের লং ভেহিকেলের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে মারা যান। নিহতদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।’