সোমবার, ২০ জুলাই ২০২৬

ফেনীতে বিশ্বকাপ ফাইনালের উন্মাদনা: চার ভেন্যুতে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা

ফেনীতে বিশ্বকাপ ফাইনালের উন্মাদনা: চার ভেন্যুতে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা 

ফিফা ফুটবল বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচকে ঘিরে ফেনী শহর জুড়ে বইছে উৎসবের আমেজ। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি স্পেন ও আর্জেন্টিনা। আজ রবিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হতে যাওয়া এ মহারণকে কেন্দ্র করে ফেনীর ফুটবলপ্রেমীদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। প্রিয় দলের জার্সি গায়ে হাজারো সমর্থক একসঙ্গে খেলা উপভোগের অপেক্ষায় প্রহর গুণছেন। 

​খেলাপ্রেমীদের বাঁধভাঙা উচ্ছ্বাসে বাড়তি মাত্রা যোগ করতে ফেনী শহরের গুরুত্বপূর্ণ ৪টি পয়েন্টে বিশাল এলইডি জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। স্থানগুলো হলো-পুরাতন কারাগার (জেল রোড) সংলগ্ন এলাকা, মিজান রোডের পশ্চিম মাথা (সোনালী ব্যাংক সংলগ্ন),শহীদ শহীদুল্লা কায়সার সড়কের এসি মার্কেটের সামনে, মহিপাল ফ্লাইওভারের নিচে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের মিজান রোডে জেলা যুবদলের আহ্বায়ক খোন্দকার নাছির উদ্দীনের নিজস্ব অর্থায়নে এবং মহিপাল ফ্লাইওভারের নিচে ও এসি মার্কেটের সামনে ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়ার সৌজন্যে ৯৬ বর্গফুটের অত্যাধুনিক এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছে। এছাড়াও জেল রোডে ফেনী পৌরসভার নিজস্ব এলইডি স্ক্রিনটিতে খেলা সম্প্রচার করা হবে।
​আয়োজকদের একজন ফেনী পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, বিশ্বকাপ ফুটবল শুধু একটি খেলা নয়, এটি বিশ্বব্যাপী কোটি মানুষের আবেগের নাম। মহিপাল ফ্লাইওভারের নিচে বড় এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছে যাতে সব শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে ফাইনাল উপভোগ করতে পারেন।
মিজান রোডের আয়োজক জেলা যুবদলের আহ্বায়ক নাছির উদ্দিন খোন্দকার জানান, পৌরসভার স্ক্রিনে কিছুটা প্রযুক্তিগত সমস্যা থাকায় দর্শকদের কথা বিবেচনা করে নিজ উদ্যোগে সেমিফাইনাল থেকে বড় পর্দার ব্যবস্থা করেছেন। ফাইনাল ম্যাচে আরও বিপুলসংখ্যক দর্শকের সমাগম হবে বলে তিনি আশাবাদী।
​এসি মার্কেটের সামনে বড় পর্দার বিষয়ে ব্যবসায়ী মো. ফয়সাল জানান, ফাইনাল ম্যাচ উপলক্ষে ঢাকা থেকে ৯৬ বর্গফুটের অত্যাধুনিক এলইডি স্ক্রিন আনা হয়েছে। এ আয়োজনে সার্বিক সহযোগিতা করেছেন জাহিদ হোসেন বাবুল। উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে তিনি সবাইকে শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রাখার অনুরোধ জানান। 

ফেনী পৌরসভার এলইডি স্ক্রিনের দায়িত্বপ্রাপ্ত সৌরভ হোসেন জানান, গত বছরের ৫ আগস্টের পর থেকে স্ক্রিনটিতে কারিগরি ত্রুটি দেখা দেয়। সম্প্রতি আংশিক মেরামত করা হলেও এটি পুরোপুরি সচল করতে প্রায় ১০ লাখ টাকা ব্যয় হবে। তবে ফাইনাল ম্যাচটি সম্প্রচারের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে। 

​খেলা দেখতে মুখিয়ে থাকা আর্জেন্টিনা সমর্থক এম আর চৌধুরী মুরাদ বলেন, আর্জেন্টিনা ফাইনালে ওঠায় আমরা দারুণ উচ্ছ্বসিত। একসঙ্গে বড় পর্দায় খেলা দেখার আনন্দই আলাদা। আমরা বিশ্বাস করি, এবারও বিশ্বকাপের ট্রফি আর্জেন্টিনার হাতেই উঠবে।
​সব মিলিয়ে ফুটবল বিশ্বকাপের ফাইনালকে ঘিরে এক অভূতপূর্ব জাগরণ তৈরি হয়েছে ফেনীতে। আয়োজক ও প্রশাসন সকলেরই প্রত্যাশা, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হাজারো দর্শকের উপস্থিতিতে ফেনী শহর আজ রাতভর মেতে উঠবে ফুটবলের মহোৎসবে।