মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

ফেনীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, তবু কমেনি ব্রাজিল সমর্থকদের উন্মাদনা

ফেনীতে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তবে তাতে একটুও কমেনি ব্রাজিল সমর্থকদের উন্মাদনা। প্রিয় দলের খেলা বড় পর্দায় উপভোগ করতে রোববার রাত থেকেই ফেনী শহরের জেল রোডে ভিড় করেন শত শত ফুটবলপ্রেমী।

খেলা শুরুর আগেই ব্রাজিলের জার্সি, পতাকা ও ব্যানার নিয়ে জেল রোডে জড়ো হন সমর্থকেরা। টানা বৃষ্টি আর ভেজা পরিবেশও তাদের উৎসাহে কোনো ভাটা ফেলতে পারেনি। খেলা শুরু হতেই করতালি, বাঁশির শব্দ আর ‘ব্রাজিল, ব্রাজিল’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। অনেককে ছাতা মাথায়, আবার অনেককে বৃষ্টিতে ভিজেই প্রিয় দলের খেলা উপভোগ করতে দেখা যায়।

খেলা দেখতে আসা এক সমর্থক বলেন, “বৃষ্টি আমাদের জন্য কোনো বাধা নয়। ব্রাজিলের খেলা মানেই অন্যরকম অনুভূতি। প্রিয় দলের জন্য রাত জেগে, ভিজে হলেও খেলা দেখতে এসেছি।”

আরেক সমর্থক বলেন, “বন্ধুদের সঙ্গে বড় পর্দায় খেলা দেখার আনন্দই আলাদা। বৃষ্টির কারণে পরিবেশ আরও উপভোগ্য হয়ে উঠেছে। আজ ব্রাজিল-নরওয়ে ম্যাচে ব্রাজিলই জিতবে বলে আমাদের বিশ্বাস।”