মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বিশ্বকাপের উন্মাদনায় ফেনীতে আর্জেন্টিনা ভক্তদের ঐতিহাসিক শোভাযাত্রা কাল

ফুটবল বিশ্বকাপ ২০২৬ ঘিরে বিশ্বজুড়ে যখন ফুটবলপ্রেমীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে, তখন সেই উন্মাদনার ঢেউ লেগেছে ফেনীতেও। বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসা, সমর্থন ও উচ্ছ্বাস প্রকাশের লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৪টায় ফেনীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আর্জেন্টিনা সমর্থকদের এক বর্ণাঢ্য ও ঐতিহাসিক শোভাযাত্রা।

সোমবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন আর্জেন্টিনা ফ্যানবেজ ফেনী-এর নেতৃবৃন্দ। তারা জানান, জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজারো আর্জেন্টিনা সমর্থক, ফুটবলপ্রেমী তরুণ-যুবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ শোভাযাত্রায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
আকাশি-সাদা পতাকা, ব্যানার, ফেস্টুন, জার্সি এবং নানা উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকাপের আনন্দ-উচ্ছ্বাসকে সবার মাঝে ছড়িয়ে দেওয়াই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। 

আয়োজকেরা আরো বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ ও ভালোবাসার জায়গা। সেই আবেগকে উদযাপন করতেই এ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
আর্জেন্টিনা ফ্যানবেজ ফেনীর পক্ষ থেকে ফেনী জেলার সকল আর্জেন্টিনা সমর্থকদের যথাসময়ে উপস্থিত থেকে শোভাযাত্রাকে সফল করার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি শোভাযাত্রার সংবাদ ও কার্যক্রম ব্যাপকভাবে প্রচারের স্বার্থে ফেনীর স্থানীয়, প্রিন্ট মিডিয়া,ইলেকট্রনিক মিডিয়া,অনলাইন নিউজ পোর্টাল এবং সাংবাদিকদের উপস্থিত থেকে সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।