বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ফেনীতে বিসিবি কাউন্সিলর মনোনয়ন নিয়ে বিতর্ক, কে এই মহিউদ্দিন বুলবুল?

বাড়ি কুমিল্লা, থাকেন ঢাকায়। কে এই মহিউদ্দিন বুলবুল? ফেনী থেকে বিসিবির কাউন্সিলর হতে চালাচ্ছেন তোড়জোড়।

হতে চান বিসিবি'র ফেনী জেলা কাউন্সিলর। এই নিয়ে দেখা দিয়েছে স্থানীয় ক্রিকেটার ও সংগঠকদের মাঝে ব্যাপক ক্ষোভ।

ফেনী জেলা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)-এর কাউন্সিলর হওয়ার প্রক্রিয়াকে ঘিরে স্থানীয় ক্রীড়া অঙ্গনে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ফেনীর বাইরের একজন ব্যক্তি নিয়মবহির্ভূতভাবে ফেনী জেলা থেকে বিসিবির কাউন্সিলর হওয়ার চেষ্টা চালাচ্ছেন।

স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টদের দাবি, অভিযুক্ত ব্যক্তির ফেনীতে কোনো স্থায়ী বসবাস নেই। তার বাড়ি কুমিল্লায় হলেও বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করেন। এছাড়া ফেনী জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে তার কোনো কাউন্সিলরশিপ নেই এবং জেলার কোনো ক্রিকেট ক্লাবের সঙ্গেও তিনি সম্পৃক্ত নন।

একাধিক স্থানীয় ক্রিকেট সংগঠক অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ফেনীর ক্রিকেট উন্নয়নে কাজ করা সংগঠক ও ক্রীড়া ব্যক্তিদের উপেক্ষা করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই ব্যক্তি কাউন্সিলর হওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে স্থানীয় সংসদ সদস্যের নাম ব্যবহার ও বিভিন্ন রাজনৈতিক লবিংয়ের মাধ্যমে তিনি এ প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ উঠেছে।

স্থানীয় ক্রিকেট সংগঠকদের ভাষ্য, বিসিবির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কাউন্সিলর মনোনয়নের ক্ষেত্রে জেলার প্রকৃত ক্রিকেট সংগঠক ও যোগ্য ব্যক্তিদের মূল্যায়ন করা উচিত। তারা বলেন, “ফেনীর ক্রিকেটকে যারা মাঠে থেকে এগিয়ে নিয়েছেন, তাদের বাদ দিয়ে বাইরের কাউকে কাউন্সিলর করার চেষ্টা জেলার ক্রীড়াঙ্গনের জন্য হতাশাজনক ও লজ্জার।

এ বিষয়ে স্থানীয় ক্রীড়া মহলে দ্রুত স্বচ্ছ তদন্ত ও বিসিবির নীতিমালা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণের দাবি উঠেছে। অনেকেই মনে করছেন, এ ধরনের বিতর্কিত মনোনয়ন প্রক্রিয়া চলতে থাকলে জেলার ক্রীড়া অঙ্গনে নেতিবাচক প্রভাব পড়বে।