মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সোনাগাজীর আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় কাল, বাড়িতে পুলিশ মোতায়েন

ফেনীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ সোমবার। রায়কে কেন্দ্র করে সোনাগাজী উপজেলার উত্তর চরচান্দিয়া এলাকায় নুসরাতের বাড়িতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

সোনাগাজী মডেল থানার ওসি মো. আবুল হাশিম জানান, নুসরাতের বাড়িতে আগে থেকেই পুলিশের পাহারা ছিল। তবে ডেথ রেফারেন্স ও আপিলের রায়কে সামনে রেখে কোনো পক্ষ যাতে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রোববার বিকেলে ওসির নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার উত্তর চরচান্দিয়া এলাকায় নুসরাতের বাড়ি ও আশপাশের এলাকায় যায়। এ সময় পুলিশ একাধিকবার পুরো এলাকা টহল দেয়।

 

পরে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে ওসি জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে রায়কে ঘিরে কেউ যাতে কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও জানান, রায় ঘোষণার পরও নুসরাতের পরিবারের নিরাপত্তায় পুলিশি ব্যবস্থা অব্যাহত থাকবে।