পরশুরাম প্রেস ক্লাবের সদস্যদের পেশাগত মানোন্নয়নে ‘গণমাধ্যম পাঠচক্র’
ফেনীর পরশুরাম প্রেস ক্লাবের সদস্যদের পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে ‘গণমাধ্যম পাঠচক্র’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) প্রেস ক্লাব কার্যালয়ে পাঠচক্রের আয়োজন করা হয়। সংবাদকর্মীদের পেশাগত দক্ষতা অর্জন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সংবাদের গুণগত মান বৃদ্ধি ও আধুনিক গণমাধ্যমের নানা কলাকৌশল সম্পর্কে ধারণাসহ সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
পাঠচক্রে সাংবাদিকদের পেশাগত নানা দিক ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন এখন টিভি প্রতিনিধি সোলায়মান হাজারী ডালিম এবং এনটিভি’র প্রতিনিধি জাহিদুল আলম রাজন। সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এমএ হাসান।
পাঠচক্রে অতিথিরা বলেন, মফস্বল সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবেলা করে বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরা অত্যন্ত জরুরি। সঠিক তথ্য দিয়ে সমাজের উন্নয়নমূলক চিত্র ও জনদুর্ভোগের সমস্যা নিখুঁতভাবে তুলে ধরতে হবে।
প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, সদস্যদের মান উন্নয়নে এ ধরনের পাঠচক্র নিয়মিত আয়োজন করা হবে,এতে সাংবাদিকদের মেধা ও কর্মদক্ষতা আরও বৃদ্ধি পাবে।