ফেনীতে বেকারত্ব দূরীকরণে জাতীয় ছাত্রশক্তি-ইনোভেশন আইটির দক্ষতা উন্নয়ন উদ্যোগ
বেকারত্ব দূরীকরণ ও দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে ফেনীতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে জাতীয় ছাত্রশক্তি, ফেনী জেলা। এ উদ্যোগের আওতায় শিক্ষার্থী ও কর্মপ্রত্যাশীদের বিভিন্ন বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হচ্ছে।
উদ্যোক্তাদের জানানো হয়েছে, আগামী মাস থেকে ফেনীর বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নামমাত্র মূল্যে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি যারা কোনো কাজে দক্ষতা না থাকায় বেকার রয়েছেন, তারাও এ কার্যক্রমের আওতায় প্রশিক্ষণ নিয়ে নিজেদের ক্যারিয়ার গড়ার সুযোগ পাবেন।
এ উদ্যোগ বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করবে Innovation IT। প্রতিষ্ঠানটি প্রতি মাসে ব্যাচভিত্তিক বিভিন্ন কোর্স পরিচালনা করবে। প্রশিক্ষণের পাশাপাশি ফেনীর বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ তৈরিতেও সহযোগিতা করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রস্তাবিত কোর্সগুলোর মধ্যে রয়েছে—অফিস প্রোগ্রাম, গ্রাফিক্স ডিজাইন, মোশন গ্রাফিক্স, সফটওয়্যার ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, ডাটাবেজ অ্যাডভান্স প্রোগ্রাম, ডিজিটাল মার্কেটিং, সাইবার সিকিউরিটি ও DevOps।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার গঠনের পাশাপাশি তাদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করা হবে।
তাদের প্রত্যাশা, শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে জাতীয় ছাত্রশক্তি, ফেনী জেলা ও Innovation IT-এর এ সহযোগিতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।