এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে দলের মুখ্য সংগঠক সার্জিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের গাড়িবহরে হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকেলে ফেনী জেলা এনসিপির উদ্যোগে আয়োজিত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ফেনী জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব মুহাইমিন তাজিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা এনসিপির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, সদস্যসচিব শাহ ওয়ালি উল্লাহ মানিক, জেলা যুবশক্তির সদস্যসচিব জাহিদ হোসেন, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক সোহরাব হোসেন ও প্রিন্স মাহমুদ আজিম।
বক্তারা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাস কোনোভাবেই গণতান্ত্রিক চর্চার অংশ হতে পারে না। তারা হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় বক্তারা অভিযোগ করেন, হবিগঞ্জে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের ডাকা বিক্ষোভ সমাবেশকে বাধাগ্রস্ত করতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাশাপাশি হবিগঞ্জ জেলা ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বালুবাহী ট্রাক দিয়ে সড়ক অবরোধের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান তারা।
সমাবেশে উপস্থিত ছিলেন ফেনী জেলা যুবশক্তির আহ্বায়ক পারভেজ আহমেদ, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক রাজিব, যুগ্ম সদস্যসচিব (দপ্তর) ওমর ফারুক, যুগ্ম সদস্যসচিব বদরুদ্দোজা নোবেল, সহ-সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসেন ও নাহিদ রাব্বি, জেলা ছাত্রশক্তির সদস্যসচিব মাহফুজ আলম, জেলা যুবশক্তির সিনিয়র সংগঠক মোহসীন শুভ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন রাফি, গাজী বাপ্পি, সাব্বির জামিল ও মেহেদী হাসান তামীমসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।